মঙ্গলবার ৪ নভেম্বর ২০২৫ - ০৩:৫৮
সুদানের বিপর্যয় ইসলামী উম্মাহর শত্রুদের অশুভ ষড়যন্ত্রের একটি স্পষ্ট দৃষ্টান্ত

হাওজা / ইসলামী প্রজাতন্ত্র ইরানের হাওজা ইলমিয়ার প্রধান সুদানের নিরীহ জনগণের বিরুদ্ধে সংঘটিত ভয়াবহ অপরাধের নিন্দা জানিয়ে বলেছেন, আন্তর্জাতিক সংস্থা, ইসলামী সহযোগিতা সংস্থা (ওআইসি) এবং মানবাধিকার সংস্থাগুলোর কাছে প্রত্যাশা, তারা এই মানবিক বিপর্যয়ের বিরুদ্ধে দৃঢ় অবস্থান গ্রহণ করবে এবং সুদানের অসহায় জনগণের রক্তপাত ও বাস্তুচ্যুতি বন্ধে কার্যকর পদক্ষেপ নেবে।

হাওজা নিউজ এজেন্সির প্রতিবেদন অনুযায়ী, সুদানের নিরীহ জনগণের বিরুদ্ধে সংঘটিত ভয়াবহ অপরাধের নিন্দা জানিয়ে দেশটির হাওজা ইলমিয়ার প্রধান আয়াতুল্লাহ আলীরেজা আরাফির

বিবৃতির পূর্ণ বিবরণ নিম্নরূপ:

بسم الله الرحمن الرحیم

এমন এক সময়ে, যখন ফিলিস্তিনের নির্যাতিত জনগণের সমর্থনে অবৈধ ইসরায়েলি শাসকগোষ্ঠীর বিরুদ্ধে ঐক্যবদ্ধ পদক্ষেপ গ্রহণের পাশাপাশি সার্বিক অগ্রগতির জন্য সহযোগিতা, স্থিতিশীলতা ও শান্তি প্রতিষ্ঠা করা সমগ্র ইসলামী বিশ্বের প্রয়োজন, ঠিক তখনই সুদানের নিরীহ জনগণের ওপর গণহত্যা এবং তাদের কয়েক হাজার মানুষের বাস্তুচ্যুত হওয়ার মর্মান্তিক খবর ও দৃশ্য সারা বিশ্বের বিবেকবান মানুষের হৃদয়কে ক্ষতবিক্ষত করেছে।

এই মর্মান্তিক বিপর্যয় ইসলামী উম্মাহর শত্রুদের অশুভ ষড়যন্ত্রের একটি সুস্পষ্ট দৃষ্টান্ত। এর উদ্দেশ্য হলো বিভেদ সৃষ্টি, ইসলামী দেশগুলোকে দুর্বল করা, সেগুলোকে বিভক্ত করা এবং তাদের সম্পদ ও প্রাকৃতিক সম্পদ লুট করা। এসব বেদনাদায়ক ও হৃদয়বিদারক ঘটনার নেপথ্যে সব সময়ই বৈশ্বিক আধিপত্যবাদী শক্তি এবং অপরাধী ইসরায়েলি শাসকগোষ্ঠীর প্রত্যক্ষ কিংবা পরোক্ষ হস্তক্ষেপ ও ভূমিকা দেখা যায়।

ইসলামী প্রজাতন্ত্র ইরানের হাওজা ইলমিয়া এবং ইসলামী বিশ্বের আলেমগণ এসব ভয়াবহ অপরাধের তীব্র নিন্দা জানাচ্ছেন। একই সঙ্গে তাঁরা মুসলিম সরকার, জনগণ এবং ইসলামী বিশ্বের বিশিষ্ট ব্যক্তিত্বদের প্রতি আহ্বান জানাচ্ছেন, তাঁরা যেন এ ধরনের ভয়াবহ বিপর্যয়ের সামনে নীরব না থাকেন। আধিপত্যবাদী শক্তি ও বৈশ্বিক জায়নবাদীদের ষড়যন্ত্র এবং অপতৎপরতা সম্পর্কে সতর্ক থেকে ইসলামী দেশগুলোতে, বিশেষ করে সুদানে স্বাধীনতা, মর্যাদা ও ন্যায়বিচারের আদর্শ রক্ষায় এগিয়ে আসেন।

আন্তর্জাতিক সংস্থা, ইসলামী সহযোগিতা সংস্থা (ওআইসি) এবং মানবাধিকার সংস্থাগুলোর কাছেও প্রত্যাশা, তারা এই মানবিক বিপর্যয়ের বিরুদ্ধে দৃঢ় অবস্থান গ্রহণ করবে এবং সুদানের নির্যাতিত জনগণের রক্তপাত ও বাস্তুচ্যুতি বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।

পরিশেষে, শোকাহত পরিবারগুলো এবং সুদানের নির্যাতিত জনগণের প্রতি গভীর সমবেদনা ও শোক প্রকাশ করছি। মহান আল্লাহর কাছে প্রার্থনা করছি, তিনি যেন তাঁদের ধৈর্য ও বিজয় দান করেন এবং ইসলামী উম্মাহকে আধিপত্যবাদীদের ষড়যন্ত্র ও আধিপত্য বিস্তারের অপচেষ্টা থেকে সুরক্ষিত রাখেন।

ওয়াসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।

আয়াতুল্লাহ আলীরেজা আরাফি
ইরানের হাওজা ইলমিয়ার প্রধান
১৩ আবান ১৪০৪ হিজরি সৌর বর্ষ।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha